করোনার প্রভাব
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলীতে এলপি গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
উপজেলার বাজারের হার্ডওয়ার দোকান থেকে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় করা হলেও গত ২৫ মার্চ থেকে দোকান বন্ধ থাকায় বাসায় এলপি গ্যাস ব্যবহারকারীরা সিলিন্ডার কিনে নিতে পারছেন না। কয়েকজন এলপি গ্যাস ব্যবহারকারী জানান, আগামী ২-৩ দিন পর আবারও নতুন করে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। তবে গ্যাস সিলিন্ডারের দোকান না খুললে তাদের রান্নাবান্না বন্ধ থাকতে হবে। গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী টিটুল সাহা বলেন, দোকান বন্ধ রাখায় ক্রেতাদের কাছে সিলিন্ডার গ্যাস বিক্রয় করতে পারছেন না। এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন, ‘হার্ডওয়ারের দোকানদাররা চাহিদামতো ক্রেতাদের কাছে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় করতে পারবে। তবে হার্ডওয়ারের অন্যসামগ্রী বিক্রি করতে পারবে না। দাম বৃদ্ধি ও বেশি রাখতে পারবে না। জ্বালানি হিসেবে তারা শুধু গ্যাস সিলিন্ডার বিক্রয় করবেন। এসময় দোকানে অহেতুক কোনো প্রকার লোক সমাগম বা আড্ডা দিতে পারবেন না।
