চাই নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:৫০

 ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন’—এটা এখন জাতীয় বাণী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্বের পরিবেশ অস্বস্তিকর। এখনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই ঘরে থাকাই আপাতত একমাত্র সমাধান হিসেবে ধরা হচ্ছে। মাস চলছে এখন বৈশাখ—বাইরে প্রচুর গরম। বাইরের উত্তাপে পুরো বাড়িটা যেন নরকে পরিণত হয়! এ সময় ঘরে অবস্থান করা সহনীয় হয়, যদি আলো-বাতাসের ব্যবস্থা থাকে। এজন্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের বিকল্প নেই। আমরা নীতিকথা কমই শুনি। তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সমস্যা যোগ হলে তো কথা নেই। এখন ঘন ঘন লোডশেডিং হচ্ছে কেন বুঝতে পারছি না। কারণ এখন অফিস-আদালত, কারখানা, শপিংমল, দোকান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সব বন্ধ। তাছাড়া ইদানীং বিদ্যুত্ উত্পাদন আগের চেয়ে বহুগুণ বেড়েছে বলে জানি। যুক্তি অনুসারে বিদ্যুত্ সাশ্রয় হওয়ার কথা। ইলেকট্রিসিটি সংশ্লিষ্ট উত্পাদন ও ডিস্ট্রিবিউটর কতৃপক্ষের (BPDB) কাছে নিবেদন—আশু এ সমস্যার সমাধান করুন। আমজনতাকে ঘরে রাখতে হলে বিদ্যুতের প্রয়োজন অনস্বীকার্য।

মো. সাঈদী আলম

লোহাগাড়া, চট্টগ্রাম