ঘুণে ধরা সমাজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:৫১

পারস্পরিক ভালবাসা, সৌহার্দ্য এসব গুণ আমাদের অহংকার। যখন হানাহানি ও হিংসাত্মক কর্মকাণ্ড বিশ্বের সর্বত্র বিরাজমান, তখনও আমরা নিজেদের অনন্য মনে করে গর্ববোধ করতাম। কিন্তু আজ এই সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করলাম আমাদের সমাজ ঘুণে ধরা। মানবিকতা কি হারাতে বসেছে! যে সমাজে কেউ প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে না, যে সমাজে মৃতদেহ সত্কারে বাধা আসে; সে সমাজকে আর কী বলব? সন্তানেরা যখন অসুস্থ্থ মাকে রাতের আঁধারে বনে ফেলে যায়, নিজের স্বার্থ চরিতার্থ করতে ক্ষুধার্তদের প্রাপ্য খাদ্যদ্রব্য কুক্ষিগত করতে হাত কাঁপে না, সেই সমাজ নিয়ে গর্ব করার কিছু নেই। এই মহামারি একদিন শেষ হবে, কিন্তু যে অমানবিক আচরণ বিশ্ব প্রত্যক্ষ করল—তার ঘা সহজে শুকোবার নয়। এই সমাজকে পরিবর্তন করতে হলে সমাজব্যবস্থার পরিবর্তন জরুরি। যারা সমাজকে পরিচালনা করে, তাদের সংশোধন করতে হবে। প্রতিটি শিশুর সামাজিকীকরণ হতে হবে সঠিক পন্থায়। প্রতিটি শিশু মানবিক পরিবেশে বড়ো হলে মানবিকতা, সৌহার্দ্য ইত্যাদি গুণে সমৃদ্ধ হবে। আর তখনই ঘটবে সমাজব্যবস্থার পরিবর্তন।

শফিকুল ইসলাম

উত্তরা, ঢাকা