মানুষের সঙ্গে মানবিক আচরণ করুন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:০৯

কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আইজিপি

বিশেষ প্রতিনিধি

নবনিযুক্ত পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর রয়েছে। সঠিকভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সীমিত করতে হবে। তিনি বলেন, এ সময় জনগণের পাশে থাকতে হবে। মানুষের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। গতকাল এক ভিডিও কনফারেন্সে পুলিশের সকল রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সময় খোলা স্থানে অথবা ফুটপাতে বাজার বসাতে হবে। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যাতে কেউ পণ্যের মজুতদারি অথবা মূল্যবৃদ্ধি করতে না পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হবে। তিনি বলেন, সরকারি ত্রাণ বিতরণ এবং ওএমএসের চাল বিতরণে যে কোনো অনিয়মরোধে ভূমিকা রাখবে পুুলিশ। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।