ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্য চরম দায়িত্বহীনতা :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:১০

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘না বুঝে তড়িঘড়ি করে আওয়ামী লীগের ত্রাণ কমিটি’ নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্যদান অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয়। গতকাল শনিবার বিকালে একাদশ জাতীয় সংসদের ৭ম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সকল দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা সর্বদা সেই নির্দেশই দিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষে ত্রাণ বিতরণ করা এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন তা সমন্বয় করা। যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়, কোনো দুস্থ মানুষই যাতে ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে। তিনি বলেন, সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনো ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও রিজভী সাহেব দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন।