ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর ধানমন্ডি, ঢাকা সিটি কলেজ এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। শুক্রবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করেন। দুপুরে কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় মসজিদগুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়।
নৌবাহিনী সূত্র আরো জানায়, দেশব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবিলায় নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিত্সা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
