রূপগঞ্জে করোনা ল্যাব স্থাপনে কাজ শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:১১

সেবা মিলবে সাত দিনের মধ্যে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবরেটরি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। কাঞ্চনের আবাসন প্রকল্প বেস্টওয়ে সিটির নবনির্মিত ভবনে ল্যাবরেটরি স্থাপনের কাজ চলছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে এটি চালু করা হবে। গতকাল শনিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে তার পুত্র গাজী গ্রুপ, যমুনা ব্যাংক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার ব্যক্তিগত তহবিল থেকে এই ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুকূলে ল্যাবরেটরি স্থাপনের অনুমোদন দিয়েছেন। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় এটি পরিচালিত হবে। নমুনা সংগ্রহের চার ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে। এছাড়া সুনির্দিষ্ট চারটি স্থানে নমুনা সংগ্রহ করা হবে।

 বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, এখানে যত্নসহকারে রোগীদের সেবা দেওয়া হবে। এছাড়া প্রয়োজনে ঢাকার কুর্মিটোলা ও উত্তরার চীন মৈত্রী হাসপাতালে রোগী পাঠানো সহজ হবে। অর্থ জোগানদাতা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, রূপগঞ্জসহ আশপাশের মানুষের ভোগান্তি কমিয়ে প্রয়োজনীয় সেবাদানের উদ্দেশেই পরীক্ষাগার স্থাপন করা হচ্ছে।