বরিশালে আরো এক চিকিত্সক ও মেডিক্যাল ছাত্র করোনায় আক্রান্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:৩২

প্রাণঘাতী করোনা ভাইরাসে বরিশালে আরো এক চিকিত্সক ও মেডিক্যাল কলেজের ছাত্র আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিত্সক আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। তার চিকিত্সক স্ত্রী এর আগে করোনায় আক্রান্ত হন। দুই জনেই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) চিকিত্সাধীন রয়েছেন। এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্ত ছাত্র কলেজের ৪৬তম ব্যাচের এবং হাবিবুর রহমান ছাত্রাবাসের (২ নম্বর ছাত্রাবাস) তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন। কলেজের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ঐ ছাত্রের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঐ হাসপাতালের পিছনের গেট বন্ধ করে দিয়েছে এলাকার কিছু তরুণ। শনিবার সকালে উঠতি বয়সিরা জড়ো হয়ে বাঁশ বেঁধে গেটটি আটকে দিয়েছেন। এতে করে বিপাকে পড়েছেন শেবাচিমের ডাক্তার, নার্স, স্টাফ ও রোগীরা। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক সিনিয়র নার্স বলেন, আমিসহ অনেকে ঐ গেট দিয়ে নিয়মিত যাতায়াত করি; কিন্তু সকালে আমাকে ঢুকতে দেয়নি। শেষে অনেক পথ হেঁটে সামনের গেট দিয়ে হাসপাতালে ঢুকতে হয়েছে।