নতুন করোনা ভাইরাস মহামারি রূপ নেওয়ায় ডাক্তার, নার্সসহ চিকিত্সাকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে দেশগুলো। অনেক দেশে চিকিত্সকরা আবর্জনা রাখার পলিথিন সুরক্ষা গাউন হিসেবে ব্যবহার করছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ব্রিটেনে চিকিত্সক, নার্স ও অন্যান্য মেডিক্যালকর্মীর সুরক্ষার সরঞ্জাম সরবরাহে সংকট দেখা দিতে শুরু করেছে। এ কারণে দেশটিতে ডাক্তার ও নার্সদের সুরক্ষা গাউন পুনরায় ব্যবহার করতে বলা হচ্ছে। বিবিসির এক খবরে জানানো হয়েছে, শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড থেকে হাসপাতালগুলোকে এই বিপত্তিমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, এই পরিকল্পনাকে শেষ অবলম্বন হিসেবে দেখা হচ্ছিল। কিছু হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে সুরক্ষা গাউন শেষ হতে পারে—এনএইচএসের জোগানদাতারা এমন সতর্ক বার্তা দেওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। ঐ সংগঠনের প্রধান ক্রিস হপসন এক টুইটে বলেন, আমরা ‘ফুলি ফ্লুয়িড রিপেলেন্ট গাউন’-এর জাতীয় মজুত শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। হাতাওয়ালা ল্যাবরেটরি কোট আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। তিনি বলেন, জাতীয় নেতাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। কয়েক সপ্তাহ আগে যে অর্ডার দেওয়া হয়েছিল— তাও এখন অনিয়মিত। এ কারণে পাবলিক হেলথ ইংল্যান্ড তাদের নির্দেশনা পরিবর্তন করছে। যদি হাতাওয়ালা গাউন না থাকে সেক্ষেত্রে রোগীদের সেবায় ধোয়া যায় এমন মেডিক্যাল গাউন বা নন ফ্লুয়িড রিপেলেন্ট সরঞ্জাম ব্যবহার করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্বীকার করেছেন যে, গাউনের সরবরাহ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সপ্তাহান্তে পর্যাপ্ত গাউন দেওয়ার চেষ্টা চলছে। এটি নিশ্চিত করতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে তিনি জানান। ব্রিটেনে ইতিমধ্যে রোগীদের চিকিত্সা করতে গিয়ে বেশ কয়েক জন ডাক্তার, নার্স ও মেডিক্যালকর্মী প্রাণ হারিয়েছেন।
