লকডাউনের মধ্যে মাওলানা আনসারীর জানাজায় লাখো মানুষ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:৩২

লকডাউন উপেক্ষা করে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায়। গতকাল শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে।

দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারণ মানুষ জানাজায় যোগ দেন। জানাজার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। অন্যান্যের মধ্যে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর ইসমাইল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মহসিনুল হাসান, জেলার শীর্ষস্থানীয় আলেম মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ,                  সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম। এছাড়াও দেশের নামকরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ নামাজে জানাজায় যোগ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা জানান, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু জনসমাগম কমাতে পারিনি। হুজুরদের বুঝিয়েছি। কিন্তু মানুষজন সচেতন না হয়ে এমনটি করেছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা জানান, বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। পুলিশই ভালো বলতে পারবেন।

শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রখ্যাত এই আলেম (ইন্নালিল্লাহে....রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের আলেম উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জুবায়ের আহমদ আনসারীর বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐ এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।