বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোক জড়ো করে মদ বিক্রি!

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২২:৩৫

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের লকডাউন ঘোষণা উপেক্ষা করে মদ বিক্রি করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর লোক জড়ো করে মদ বিক্রির এই ছবি তুলতে গিয়ে ঐ দপ্তরের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন বাংলাভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও মোবাইল ফোন। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক কন্টেইনার মদ ফেলে দেওয়া হয়। সেই সঙ্গে ১৮০ লিটার মদ অধিদপ্তরের একটি কক্ষে আটকে তা সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে। তারা তাদের দাপ্তরিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে নগরীর ভাটিখানা রোডের বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে প্রায় ১৫০ লোককে জড়ো করে মদ বিক্রি করছিল দপ্তরটি। ৮৬ টাকা মূল্যের ১ লিটার মদ তারা অবৈধভাবে বিভিন্ন লোকের কাছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে       বিক্রি করছিল। সেখানে উপস্থিত ১৫০ জনের মধ্যে মাত্র চার-পাঁচ জনের কাছে মদ কেনার লাইসেন্স ছিল। তাদের কাছ থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা জমা নেয় দপ্তরের কর্মকর্তারা। তারপর মদ বিক্রি শুরু করে। বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে বাংলাভিশন চ্যানেলের বরিশাল ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের ওপর হামলা, ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় চ্যানেলটির স্টাফ রিপোর্টার শাহিন হাসান বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না তিনি। তবে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।