চট্টগ্রামে বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে সড়কে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকরা। গতকাল শনিবার হালিশহর বড়পুল ও আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ করে তারা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
বকেয়া বেতনের দাবিতে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ করে ফ্রাঙ্ক গার্মেন্টস নামে একটি কারখানার কয়েকশ শ্রমিক। গত মার্চ মাসের বেতন এখনো পায়নি বলে দাবি করেন শ্রমিকরা। বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।
এদিকে হালিশহর বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা জানান, গত ২০ দিন যাবত্ তারা গাড়ি নিয়ে সড়কে নামতে পারছে না। তাদের আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। ইতিমধ্যে যা জমানো টাকা ছিল তা শেষ হয়ে গেছে। ফলে এই পর্যন্ত তারা কোন সংস্থা থেকে ত্রাণও পায়নি।
