ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেন গেল সিলেটে, প্রশাসনে তোলপাড়

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০০:৩০

বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটে লকডাউন চলছে গত ১১ এপ্রিল থেকে। লকডাউনের কারণে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে সিলেট। এমনকি এক জেলা থেকে অন্য জেলায় ও জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় লকডাউন ভঙ করে গতকাল শনিবার বিকালে ঢাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে সিলেট এলো একটি ট্রেন। এ ব্যাপারে কিছুই জানত না জেলা প্রশাসন।

যাত্রীরা ট্রেন থেকে নেমে দ্রুত স্টেশন ত্যাগ করে চলে যান। বিষয়টি জেনে শনিবার রাত ৮টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া। রেল স্টেশনে গিয়ে তিনি লকডাউন থাকা সত্ত্বেও এতো লোক সিলেটে আসার কারণ জানতে চান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, স্টেশনে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেছি। রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেছেন বেতন নিতে তাদেরই লোক এসেছেন। এছাড়াও যারা এসেছেন তাদের তথ্য নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানিয়েছেন, যে ট্রেনটি এসেছে সেটিতে তাদের নিজস্ব ৫ জন বেতন ও আনুসাঙ্গিক সরঞ্জাম নিয়ে সিলেটে এসেছেন। ট্রেনে শতাধিক যাত্রী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।