তথ্যমন্ত্রীর বক্তব্য প্রকৃত চাল চোরদের পরিচয় আড়াল করেছে

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০০:৩০

ইত্তেফাক রিপোর্ট

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ‘তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ত্রাণের চাল চুরির সঙ্গে জাসদ, জাতীয় পার্টি, বিএনপির স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান-মেম্বাররা জড়িত এবং ত্রাণের দাবিতে বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে যে বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ জাসদ নেতৃদ্বয় গতকাল এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।

ইনু-শিরীন বলেন, তথ্যমন্ত্রীর এ বক্তব্য শুধু সত্যের অপলাপই নয়, অপ্রয়োজনীয়ও বটে। প্রধানমন্ত্রী যখন সামনে থেকে করোনা সংকটের কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন তখন তার মন্ত্রিসভার কোনো সদস্যেরই কাজ করা বাদ দিয়ে এমন কোনো অপ্রয়োজনীয় কথা বলা উচিত না। যাতে প্রধানমন্ত্রীর কাজ ও কথার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং যা প্রধানমন্ত্রীর প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি করে। জাসদ নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, তথ্যমন্ত্রীর বক্তব্য চাল চোরদের পরিচয় আড়াল ও বিভ্রান্তি সৃষ্টি করে চিহ্নিত চাল চোরদের পক্ষে নির্লজ্জ সাফাইয়ে পরিণত হয়েছে। জাসদ নেতৃদ্বয় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও মন্তব্য প্রদান না করার জন্য তথ্যমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান।