ইত্তেফাক রিপোর্ট
দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চিকিত্সা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, মানুষের জীবন নিয়ে জুয়া খেলবেন না। দেশে ভয়াল পরিস্থিতি বিরাজ করছে। সারা বাংলাদেশে করোনার কোনো চিকিত্সাই হচ্ছে না, চারিদিকে মানুষের কেবলই আর্তনাদ শোনা যাচ্ছে।
ত্রাণ নিয়ে এবার আরো ভয়ংকর দলীয়করণ ও লুটপাটের মহামারি শুরু হতে যাচ্ছে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সারাদেশে ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ ত্রাণের তালিকা করবে। এটি স্থানীয় প্রশাসনকে দেবে। স্থানীয় প্রশাসন তালিকাটি যাচাই-বাছাই করবে।’ তার মানে এ তালিকায় কেবল আওয়ামী লীগ করা লোকজনের ঠাঁই হবে। ত্রাণও পাবে তারা।
গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিশ্বের ভয়াবহ সংক্রমিত দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ হয়েছে গত ১৫-২০ দিনে। আর বাংলাদেশে তা হচ্ছে মাত্র ৪ দিনে। করোনা প্রতিরোধে মেডিক্যাল সরঞ্জামের বিষয়ে কেউ যেন কথা বলতে না পারে সেজন্য সরকার কঠোর পরিপত্র জারি করেছে।
