করোনায় আক্রান্ত ৬৫ পুলিশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০০:৩০

 

বিশেষ প্রতিনিধি

 গোটা বিশ্ব কাঁপছে করোনা ভাইরাস আতঙ্কে। বাংলাদেশেও ক্রমেই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। প্রাণঘাতী এই রোগের মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করা, সংক্রমিত এলাকা লকডাউন, ত্রাণ বিতরণ, জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখাসহ নানাবিধ দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। আর দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত নতুন নতুন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন।  পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে পুলিশের ৬৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন ২৬ জন। এদিকে, সংক্রমণের ঝুঁকি থাকায় প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মোট আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্য রয়েছেন ২৯ জন। পূর্বে আক্রান্ত ছিলেন ২৬ জন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। বর্তমানে পুলিশের ৬২৬ সদস্য কোয়ারেন্টিনে আছেন। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক  কোয়ারেন্টাইনে আছেন ১৪৩ জন এবং আইসোলেশনে আছেন ৯ জন। #