বিনোদন রিপোর্ট
চলে গেলেন গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। অনেকদিন ধরে কিডনিজনিত জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে চলে গেলেন ওপারে। তার মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন তারকারা। তার সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করছেন অনেকেই। তার এই মৃত্যুতে শোবিজের অনেকেই শোক প্রকাশ করেন। সুবর্ণা মুস্তাফা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি দুঃখিত। আজই শুনেছি তুমি আইসিইউতে রয়েছো। তুমি শান্তিতে ঘুমাও। তোমাকে খুব মিস করবো।’ অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘কয়েক মাস আগে বিটিভির একটি নাটকে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আন্টি অনেক দোয়া করি আপনার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করছি।’ জাকিয়া বারী মম লিখেছেন, ‘আমার প্রথম নাটকে আন্টিকে আমি সহশিল্পী হিসেবে পেয়েছিলাম, সেই থেকে শেষ পর্যন্ত আমাকে আদর করার কমতি হয়নি ওনার কখনো। দেখা হলেই দুই গালে দুটো চুমু দিতেন আর জিজ্ঞাসা করতেন ‘তোর আম্মা কেমন আছে রে?’ আপনি অনেক সহজ-ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন আপনাকে বেহেস্ত নসিব করুন।’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না।’ অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’
