মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন, রংপুরে নতুন আক্রান্ত ৩

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:১৯

রংপুরের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এমন অবস্থায় রবিবার সন্ধ্যা ৬টায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন করা হয়েছে এবং চিকিৎসকসহ অন্য কর্মচারীদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই কোয়ারেন্টাইন করা হয়েছে। ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। 

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোরের রোগীসহ ভর্তি রোগীরা এর আওতায় ১৪ দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে  ভেতরেই কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানান রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এদিকে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও তিনজনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে গাইবান্ধার সাঘাটার একজন, দিনাজপুরের একজন ও রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নারী চিকিৎসক রয়েছেন। 

রমেক অধ্যক্ষ জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৮ দিনে (১৯ এপ্রিল পর্যন্ত) ১৩৮৫ জনের শরীরের নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও আইইডিসিআরের মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ৫১ জন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৪, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১১, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার একজন রয়েছেন।

ইত্তেফাক/এসি