চ্যাম্পিয়ন মোহনবাগান

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৪৫

সমাপ্ত হচ্ছে আইলিগ

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা আইলিগ মৌসুমকে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। মৌসুম শেষ করার পাশাপাশি লিগ নিয়ে আরো সাতটি সিদ্ধান্তসংবলিত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কার্যনির্বাহী কমিটির কাছে। অনুমোদন পেলেই চলতি মৌসুমে আইলিগের ইতি টানার চূড়ান্ত ঘোষণা আসবে।

চলতি মৌসুমে আইলিগ যখন প্রায় শেষের দিকে, তখনই করোনার প্রভাবে বন্ধ হয় প্রতিযোগিতাটি। ২০ রাউন্ডের লিগটিতে ১৬ রাউন্ড শেষে মোহনবাগান দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে ছিল ১৬ পয়েন্টে। লিগও নিশ্চিত হয়ে গিয়েছিল বহু আগেই।

ফলে গত শনিবার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত আসে, লিগ সমাপ্ত ঘোষণা এলে শিরোপা আর চ্যাম্পিয়নের প্রাইজমানি যাবে কোলকাতার ক্লাবটিতেই। আর বাকি প্রাইজমানি লিগের বাকি ১০ দলের মধ্যে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। চলতি মৌসুমে কোনো দল অবনমিত হবে না আইলিগ থেকে, ফলে টানা হারের ঘেরাটোপে থাকা ইন্ডিয়ান অ্যারোজ বড়ো ধাক্কা থেকেই রেহাই পাবে।

তবে দ্বিতীয় বিভাগ থেকে কোনো দল কীভাবে আইলিগের টিকিট পাবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ নিয়ে কার্যনির্বাহী কমিটি আর এএফসির অনুমোদনের অপেক্ষা করছে তারা। তবে পরবর্তী মৌসুমের শুরুতে ছোটো একটি টুর্নামেন্টের মাধ্যমে এ ব্যাপারটার নিষ্পত্তির দিকেই মত লিগ কমিটির। আইলিগের পাশাপাশি সব ধরনের যুব লিগেরও সমাপ্তি টানতে চাইছে লিগ কর্তৃপক্ষ।