টেস্ট অধিনায়কের খোঁজে প্রোটিয়ারা

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৪৬

ফাফ ডু প্লেসিস অধ্যায়ের ইতি ঘটেছে আগেই। সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকানদের নেতৃত্ব এখন দিচ্ছেন কুইন্টন ডি কক। তবে, টেস্টে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ওপর ভরসা করবে না ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সাদা পোশাকের জন্য নতুন অধিনায়ক খুঁজছে সংস্থাটি। এমনটা জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এক দিন আগেই তিনি পুরোনো দায়িত্বে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন। দায়িত্ব নিয়েই তিনি অধিনায়কত্বেও বিষয়টা খোলাসা করেন। বললেন, ‘আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি যে, কুইন্টন (ডি কক) আমাদের সাদা বলের অধিনায়ক থাকবে। এটাও বলা উচিত, সামনে সে টেস্ট অধিনায়ক হবে না। আমরা চাই, সে চাপমুক্ত থাকুক এবং ভালো খেলে যাক।’