স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সায় চালু করা হয়েছে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল। এতে রংপুর বিভাগের আট জেলার করোনা আক্রান্ত রোগীরা চিকিত্সাসেবা পাবেন। রবিবার বেলা ১১টার দিকে নগরীর সদর হাসপাতাল সংলগ্ন উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত শিশু হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ হাসপাতালে ১০টি আইসিইউ বেড এবং চিকিত্সকদের জন্য দুটি ও নার্সদের জন্য একটি আবাসিক কোয়ার্টার রয়েছে। ১১ জন চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৪ জন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে নতুন এ আইসোলেশন হাসপাতালে। প্রথম ধাপে ১০টি আইসিইউ বেড ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ এ উন্নীত করা হবে। হাসপাতালে গ্রিন জোন, রেড জোনসহ পৃথক পৃথক জোন রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার একে এম নুরন্নবী লাইজু, রংপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় প্রমুখ।
