বরিশালে আরো তিন চিকিত্সক করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৫৭

বরিশাল অফিস

বরিশালে নতুন করে আরো তিন জন চিকিত্সক করোনায় আক্রান্ত হয়েছেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তদের মধ্যে একজন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক এবং অপর দুই জন একই মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সক। মেডিসিন বিভাগের ঐ চিকিত্সক এর আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। অপরদিকে দুই ইন্টার্ন চিকিত্সক মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে শুক্রবার করোনায় আক্রান্ত ৫ম বর্ষের এক ছাত্রের ঘনিষ্টজন। এ নিয়ে জেলায় মোট ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল প্রথমবারের মতো হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুই জন রোগীর দেহে করোনা শনাক্ত হয়। গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় আট জন, গৌরনদীতে তিন জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় একজন করে এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত একজন নার্স ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের একজন শিক্ষার্থীসহ মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।  এদিকে, মুলাদী উপজেলায় নিজ বাড়িতে চিকিত্সাধীন এক রোগী গত সোমবার মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষায় দুই দিন পর গত বুধবার তার রিপোর্ট পজেটিভ হয়। এছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে পটুয়াখালীর কলাপাড়ার একজন এবং ঐদিন সন্ধ্যায় বরগুনার আমতলীর একজন রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাদের রিপোর্ট পজেটিভ হয়। অর্থাত্ তারা দুই জনই করোনা আক্রান্ত ছিলেন।