গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
সরকারের নতুন সময়সীমা অনুযায়ী সকাল ১০টায় ব্যাংকিং শুরু। সেই কাকডাকা ভোর থেকে পৌর শহরের মধ্যবাজারে অগ্রণী ব্যাংকের সিঁড়ি থেকে নিচের রাস্তায় লম্বা লাইন।
রবিবার ভোরে অগ্রণী ব্যাংকে গিয়ে দেখা যায়, করোনা-সতর্কতায় দূরত্ব মেনে লাইনে দাঁড়াননি কেউ। মানুষ গা ঘেঁষাঘেঁষি করেই টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভিড়ের মধ্যে এক জনের গায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়ছেন অন্য জন। সকাল ১০টায় ব্যাংকিং আওয়ার শুরু হলে ব্যাংকের লোকজন সতর্কতার সঙ্গে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর জন্য বারবার ঘোষণা দিচ্ছে। তবু ভিড়ের মধ্যে সে কথা মাথায় আসছে না। দোতলার ব্যাংকে প্রবেশের রাস্তা থেকে সিঁড়ি বেয়ে নিচতলার মার্কেট ও মধ্যবাজারের প্রধান সড়ক পর্যন্ত দীর্ঘ লাইন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমনই চিত্র দেখা গেছে শহরের রূপালী, অগ্রণী ও সোনালী ব্যাংকের শাখাগুলোতে।
গফরগাঁও শাখা অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোবারক হোসেন বলেন, মূলত সরকারি চাকরিজীবীরা বেতনের টাকা তুলতে ভিড় করছেন বেশি। ব্যাংকে ভিড় ও লেনদেন আগের থেকে বেশি। মাত্র তিন ঘণ্টা লেনদেন থাকায় ব্যাংকের লেনদেন শুরু হওয়ার আগেই অনেক গ্রাহক ব্যাংকের গেইটে দাঁড়িয়ে যান।
