নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
কৃষকের পাশে দাঁড়াতে এবং তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে ভিন্ন উদ্যোগ নিয়েছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এলাকার বাণিজ্যিক সবজি চাষিদের উত্পাদিত করলা, চিচিংগা আর বাঁধাকপি বাজার মূল্যে কিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ত্রাণের চালের সঙ্গে এসব সবজি বিতরণ করছেন। এ কাজে সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবীর। রাত জেগে চালের সঙ্গে সবজি যোগ করছে স্বেচ্ছাসেবক দল। শনিবার পাঁচটি এবং রবিবার অন্য সাতটি ইউনিয়নে এসব চাল, সবজি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবীর জানান, অনেক কৃষক তাদের উত্পাদিত সবজি বিক্রি করতে পারছে না। বাইরেও রপ্তানি করতে পারছে না। তাই তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে আমরা ইতিমধ্যে ১২০ জনের কাছ থেকে বাজার মূল্যে সবজি ক্রয় করেছি। সব মিলে প্রায় ২৫০ জনের কাছ থেকে সবজি কেনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, শতাধিক কৃষকের কাছ থেকে তাদের উত্পাদিত সবজি কেনা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে আরো কেনা হবে। উত্পাদিত সবজি বিক্রি নিয়ে তাদের যে হতাশা ছিল এতে তা কেটে যাবে বলে মনে করি।
