মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে এবার একজন চিকিত্সক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ স্বাস্থ্য কর্মকর্তার বাড়ি একই উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঠেরহাট এলাকায়। শনিবার ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ চিকিত্সক রয়েছেন। বর্তমানে তাকে ঐ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। অপর আক্রান্তদের একজন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একজন।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐ চিকিত্সকের সংস্পর্শে আসা ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে।
