কুমিল্লায় তুচ্ছ ঘটনার জেরে ঘুমন্ত ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২১:৫৮

কুমিল্লায় বাড়ির গাছ কাটার মতো তুচ্ছ ঘটনার জেরে ছোটো ভাই কর্তৃক ঘরে ঘুমন্ত বড়ো ভাই (স্কুল শিক্ষক) ও তার স্ত্রীসহ চার জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার এক দিন পর শনিবার (১৮) রাতে বড়ো ভাই ঢাকা মেডিক্যালে মারা যান। রবিবার বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  ঘটনাটি ঘটেছে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামে।   

পুলিশ, নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের মৃত খালেক ভূঁইয়ার ছেলে ও কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার তাজ রওশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ফজল ভূঁইয়া (৪৫) করোনার কারণে ছুটিতে বাড়ি যান। তার সঙ্গে ছোটো ভাই হাফেজ আবু কাউছার ভূঁইয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এদিন বিকালে আবু ফজল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে কাউছার গরু জবাই করার ছুরি নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত বড়ো ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ফজলের স্ত্রী ফারজানা আক্তার (৩৫), তার ছেলে ফাহিম (১৯) ও ফয়সাল (৭) এগিয়ে এলে সে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে আহত আবু ফজলের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে আবু ফজল মারা যান। ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।