করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:০১

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রাণ নিয়ে দ্বারে দ্বারে ইউপি চেয়ারম্যান

সোনারগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশ জুড়ে সৃষ্ট পরিস্থিতিতে মানুষ যখন ত্রাণের জন্য প্রশাসন ও তাদের নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে, তখন অনেক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকেই এলাকায় দেখা যাচ্ছে না।

তবে এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি তার নিজ ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারি ত্রাণ বিতরণের পাশাপাশি ব্যক্তিগতভাবে নিজ ইউনিয়ন ছাড়াও উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়া তিনি গণমাধ্যমকর্মী, পুলিশ ও অনেক সংগঠনকেও পিপিই, সেনিটাইজার দিয়ে সহযোগিতা প্রদান করে আসছেন।

সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওসমান গনি এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রতিটি জনপ্রতিনিধিই ভূমিকা রাখছেন, তবে পিরোজপুরের মাসুম চেয়ারম্যান ব্যতিক্রমধর্মী ভূমিকায় তিনিও সন্তুষ্ট।

ত্রাণ পেয়ে তৃতীয় লিঙ্গের রতন মিয়া জানান, ‘আমাদের ৭০ জনকে চেয়ারম্যান ত্রাণ দিয়েছেন, তা দিয়ে আমরা এক মাস চলতে পারব।’ প্রতিবন্ধী আব্দুল্লাহ জানান, ‘আমরা এক মাসের খাবার পেয়েছি, আমরা ভালো আছি।’ ভিক্ষুক রিজিয়া সুলতানা জানান, ‘চেয়ারম্যান আমাদের অনেক দিনের খাবার দিয়েছেন এবং প্রতি শুক্রবার তার মসজিদের সামনে নামাজের পর ২০০ ভিক্ষুককে ১০০ টাকা করে দিয়ে থাকেন।’

চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম বলেন, ‘সরকারি ত্রাণ ছাড়াও আমি ব্যক্তিগত তহবিল থেকে আমার ইউনিয়নে সর্বস্তরের মানুষের মধ্যে ৮ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছি। যতদিন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে দেশ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমার এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি পিরোজপুর ইউনিয়নকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।’

ধামরাইয়ে আওয়ামী লীগ নেতা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, করোনা সংকটময় পরিস্থিতিতে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে বিভিন্ন পেশার মানুষের বাড়ি বাড়ি খাদ্যসমাগ্রী পৌঁছে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. আরিফ হোসেন। গতকাল রবিবার ব্যক্তিগত উদ্যোগে তিনি তার সহকর্মীদের নিয়ে আগজেঠাইলসহ আশেপাশের গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের কাছে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা যায়। সমাজসেবক আরিফ হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। তিনি আরো জানান, আগের দিন দেড় হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্যসমাগ্রী দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে এলাকাবাসীকে তিনি তার সাধ্যমত আরো সহায়তা দিবেন।