ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি জানাজায় হাজার হাজার মানুষের জমায়েত খুব ক্ষতিকর হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এতে ঝুঁকি তৈরি হলো। অনেক লোক আক্রান্ত হতে পারে। গতকাল রবিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জানাজায় লোকসমাগম নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা অনেকেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছেন। এ বিষয়ে এখনই প্রশাসনের নজরদারি জরুরি।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির যোবায়ের আহমদ আনসারীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এই ঘটনায় ব্যর্থ হওয়ার অভিযোগে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রত্যাহার করা দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা নিতে হয়েছে, তাদের প্রায় কাউকেই বাঁচানো যায়নি। আইসিইউ ও ভেন্টিলেটরে নেওয়া রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে নয় জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে, তাদের আট জনই মারা গেছেন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞরা অক্সিজেন থেরাপির ওপরে জোর বেশি দিচ্ছেন। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরো সাড়ে ৩ হাজার নতুন অক্সিজেন বোতলের অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার অক্সিজেন বোতল মজুত রয়েছে।’
