সাবেক বাণিজ্যমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে। ত্রাণ বিতরণের জন্য কোনোভাবেই লোকজনকে এক জায়গায় জড়ো করা যাবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। কোনো মানুষ যেন খাদ্যের কষ্ট না পায়, সেদিকটা জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।
গতকাল রবিবার সকালে টেলিফোনে ভোলা-১ (সদর) আসনের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান-সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় জেলার প্রান্তে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘করোনায় কর্মহীন মানুষ কেউ না খেয়ে থাকবে না। আমরা সবার পাশে থাকব। এখন রাজনীতির সময় নয়, এখন মানবিকতা দেখানোর সময়।’ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, মানুষের মানবিক সংকটে সার্বিক সহযোগিতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহায়তা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠন করুন। কর্মহীন ও অসহায় মানুষ কেউ যেন এই তালিকা থেকে বাদ না পড়ে, সেদিকে নজর দিতে হবে। কোনো রকম অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
