ত্রাণে অনিয়ম :আরো তিন চেয়ারম্যান ও ৯ মেম্বার বরখাস্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:৩৪

করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্রদের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে গতকাল রবিবার আরো তিন জন ইউপি চেয়ারম্যান ও ৯ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট ২৪ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে ৪ হাজার ৮৫০ কেজি চাল উদ্ধার করেছে। কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছেন এক বিচারক। রাজবাড়ীতে ৪ হাজার ২০ কেজি সরকারি চাল জব্দ হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ২ হাজার ১০ কেজি চাল উদ্ধার                 হয়েছে। তাকে আটক করা হয়েছে। এদিকে টিসিবির ৬৭৫ লিটার তেল ও ১০০ কেজি চিনি জব্দ হয়েছে অভিযানে। এসব ঘটনায় ডিলারসহ ৯ জনকে আটক করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ইত্তেফাক রিপোর্ট : এর আগে ত্রাণ আত্মসাতের অভিযোগে গত ১২ এপ্রিল তিন জন ও ১৫ এপ্রিল ৯ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এক বার্তায় বলেন, ত্রাণ বিতরণে অনিয়ম করা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণে বর্তমানে অনিয়মের ঘটনা কম পরিলক্ষিত হচ্ছে। এরকম শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

গতকাল বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানগণ হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মখদুম কবীর, নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ।

ইউপি সদস্যরা হলেন—নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর-বড়মহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান, ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারি, নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রনি বেগম, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন চৌধুরী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছাম্মত আছিয়া খাতুন।

জামালপুর :গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, এএসপি সুমন মিয়া ও ওসি আব্দুল্লাহ-আল মামুনের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও ১ নম্বর সদস্য মোশারফ  হোসেনের দুটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৯৮ বস্তা খাদ্যবান্ধব সরকারি চাল উদ্ধার করা হয়। যার পরিমাণ ৪ হাজার ৮৫০ কেজি। উদ্ধার করা চাল ইসলামপুর থানায় রাখা হয়েছে।

কুষ্টিয়া :সরকারি চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেন। আগামী ২ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৪ নম্বর গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস তার সহযোগীদের যোগসাজশে বিগত টানা চার বছর ধরে গরিব-দুস্থদের ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন করে আত্মসাত্ করেন বলে স্থানীয় একটি গণমাধ্যমসহ ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে ফৌজদারি অপরাধ হিসেবে প্রাথমিকভাবে গণ্য হয়।

রাজবাড়ী : পাংশা পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবনে বস্তাভর্তি ৪০২০ কেজি সরকারি চাল ও ১৩৫ কেজি সরকারি পাটের বীজ জব্দ করেছে পুলিশ। গতকাল এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামে এক মুদি দোকানি আটক হয়েছে। আটক রাজ্জাক পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডলের চার তলাবিশিষ্ট একটি ভবনের নিচ তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মুদিদোকান পরিচালনা করে আসছেন আব্দুর রাজ্জাক শাহ। ভবনের নিচ তলায় অপর কক্ষে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত অফিস এবং অফিস কক্ষের পাশে তার ব্যক্তিগত গোডাউন। ১৩৪টি বস্তায় মোট ৪ হাজার ২০ কেজি সরকারি চাল গোডাউন করে রাখা হয়েছিল। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত ১৩৪ বস্তা চাল সরকারি চাল। আর ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারি চাল রাখতে পারেন না বলে অভিমত ব্যক্ত করেন। প্রসঙ্গত যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ মো. ফরিদ হাসান ওদুদ মন্ডলের আপন ছোটো ভাই। ঘটনার পর থেকে যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পলাতক রয়েছেন।

কালিয়া (নড়াইল) : শনিবার রাত ও রবিবার সকালে নড়াইলের কালিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রি হওয়া ৮৭ লিটার টিসিবির তেল ও ৫০ কেজি চিনিসহ পাঁচ জনকে আটক করেছে। ঐ ঘটনায় কালিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। উপজেলার সাতবাড়িয়া বাজারের রুবেল ফরাজির দোকান থেকে ৮০ লিটার সয়াবিন তেল, পাটেশ্বরী বাজারের আকরামুল শেখের দোকান থেকে সাত লিটার সয়াবিন তেল উদ্ধার করাসহ তাদেরকে আটক করে। সাতবাড়িয়া গ্রামের অলিয়ার ফরাজির ছেলে রুবেল ফরাজি ও পাটেশ্বরী গ্রামের নজির শেখের ছেলে আকরামুল শেখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঐদিন সকালে জামরিলডাঙ্গা বাজারের তৌহিদ ইসলামের দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১ বস্তা চিনি উদ্ধারসহ তৌহিদ ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মোশারেফ শেখের ছেলে তৌহিদ ইসলাম, পেড়লী গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে সুভাষ সাহা ও নিখিল চন্দ্র সাহার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা হয়েছে। 

সিংগাইর (মানিকগঞ্জ) : উপজেলার জামির্ত্তার চাপরাইল গ্রামে রবিবার গিয়ে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে গ্রামে চুন্নু মিয়ার ঘরে সিমেন্টের বস্তা রাখার কথা বলে শতাধিক বস্তা চাল রাখা হয়। শনিবার ভোরে ঐ চাল ট্রাকযোগে নেওয়ার সময় এলাকাবাসী বাধা দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে বস্তা ছিঁড়ে বেশ কিছু চাল মাটিতে পড়ে যায়। এ সময় এলাকাবাসী ঐ ট্রাক ভর্তি চাল নিতে বাধা দিলেও দ্রুত ট্রাকটি স্থান ত্যাগ করে।

কিশোরগঞ্জ : টিসিবির মালামাল কালোবাজারে বিক্রয় করে দেওয়ার অভিযোগে র্যাব শনিবার বিকালে টিসিবির একজন ডিলার এবং তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলেন—ডিলার অলিউল্লাহ এবং কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল বাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরের মালিক মাহাতাব উদ্দিন, তাহের স্টোরের মালিক আবু তাহের এবং মাইশা স্টোরের মালিক আব্দুল হাকিম। র্যাব দোকান থেকে টিসিবির ৫৮৮ লিটার সয়াবিন তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯  কেজি চিনি জব্দ করে। 

বামনা (বরগুনা) : ডৌয়াতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মইন শিকদারের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের সত্যতা মিলেছে তদন্তে। পরে তিনি ভুক্তভোগীদের ১২০ কেজি চাল কিনে ফেরত দেন এবং প্রশাসনের কাছে মুচলেকা দেন

লোহাগাড়া (চট্টগ্রাম) : অধুনগর বাজারে দোকানে ইচ্ছামত দামে চাল বিক্রির ঘটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ২০১০ কেজি (৬৭ বস্তা) চাল উদ্ধার হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপনের গোয়ালপাড়াস্থ বাড়ি থেকে চাল উদ্ধার করে পুলিশ। উপজেলা খাদ্য কর্মকর্তা জামালউদ্দীন জানান, গত ৬ এপ্রিল আলাউদ্দীন স্বপন ওএমএস ডিলার হিসেবে কাকনহাট খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা (১৫ টন) চাল উত্তোলন করে। ১৬ এপ্রিল তিনি জানান, ৪৯২ জনকে চাল দেওয়া হয়েছে। আর আট বস্তা চাল তার গুদামে রয়েছে। পরে জানা যায়, তিনি অতি দরিদ্রদের মধ্যে চাল না দিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে চাল মজুত রাখেন তিনি।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় আলাউদ্দীন স্বপনকে আটক করে তার কাগজপত্র যাচাই করা হচ্ছে। ইউএনও নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটককৃত পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দীন স্বপনকে দল থেকে বহিষ্কার করা হবে।