করোনা ছড়ানোর প্রমাণ পেলে চীনের ভয়াবহ পরিণতি হবে :ট্রাম্প

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০০:৫১

করোনা ভাইরাস মহামারি চীনের ‘জ্ঞাতসারেই’ ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া গেলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউজের দৈনিক ব্রিফিংয়ে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘শুরু হওয়ার আগে চীনেই এটি থামানো যেত, তা হয়নি আর এখন পুরো বিশ্ব এর কারণে ভুগছে।’ ট্রাম্প বলেন, যদি এটা ভুল হয়ে থাকে, তাহলে তা ভুলই। কিন্তু তারা যদি জ্ঞানত দায়ী থাকে, আমি বলছি, তখন অবশ্যই ফল ভোগ করতে হবে।

ভাইরাসটিকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিং এখন প্রকাশ্যেই তর্কযুদ্ধে লিপ্ত হচ্ছে। ফলে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে।

মৃত্যু ১ লাখ ৬০ হাজার ছাড়াল : নতুন করোনা ভাইরাসের মহামারিতে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা এখন ২৩ লাখ ৯২ হাজার ৬০০ জন। গতকাল রবিবার পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ১ লাখ ৬৪ হাজার ৭০৬ জনের মৃত্যুর তথ্য এসেছে জনস হপকিন্সের টালিতে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৫ হাজার ২১৭ জন।  গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭ লাখ ৫৬ হাজার এবং মৃত্যু হয়েছে ৪০ হাজার। অন্যদিকে ইতালিতে গতকাল পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার এবং মৃত্যু ২৩ হাজার। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার এবং মৃত্যুর সংখ্যা ১৯ হাজারের বেশি।

প্রতিবেশী ভারতে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৬০০ এবং মৃতের সংখ্যা ছিল ৫৫৬ জন। অন্যদিকে পাকিস্তানে আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার এবং এবং মৃত্যু হয়েছে ১১৯ জনের। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩০০ জন এবং মারা গেছে ৮৯ জন।

দ্বিতীয়বারও হতে পারে : করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পরে পুনরায় এই ভাইরাস সংক্রমণ ঘটবে না এমন ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাস মহামারির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ অ্যান্টিবডি পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ মহামারি বিশেষজ্ঞরা এ কথা বলছেন। তারা বলছেন, কোনো ব্যক্তি ভাইরাস সংক্রমণের ঝুঁকিমুক্ত কি না বা কত সময় অ্যান্টিবডি তাকে সুরক্ষা দেবে তা এই পরীক্ষায় পাওয়া যাবে না।  যাদের এরই মধ্যে সংক্রমণ ঘটেছে তারা পুনরায় সংক্রমিত হবেন না— এই ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই। কোনো মানুষের দেহে জীবাণু সংক্রমণ ঘটলে তার বিরুদ্ধে লড়াইয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। যুক্তরাজ্য সরকার এরই মধ্যে ৩৫ লাখ সেরোলোজি টেস্টের উপকরণ কিনেছে, যে টেস্টের মধ্য দিয়ে মানুষের রক্তের প্লাজমায় অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। যদিও এই পরীক্ষার মধ্য দিয়ে কোন মাত্রায় করোনা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তা বোঝা যাবে না।

খরচ বহন করবেন বিল গেটস: মানবজাতির কল্যানে করোনার ভ্যাকসিন আবিষ্কারের খরচ বহণ করবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। আর এ জন্য অর্থ কোনো বাধা হতে পারে না। যত অর্থই লাগুক তা তিনি খুশি মনে দেবেন। গত কয়েক যুগ ধরেই মানবসেবায় নিয়োজিত রয়েছেন ৬৪ বছর বয়স্ক বিল গেটস। তিনি ও তার স্ত্রী মেলিন্ডা গেটস দু’জন মিলে প্রতিষ্ঠা করেছেন একটি মানবসেবা সংস্থা। এবার তিনি এগিয়ে এসেছেন মহামারি কোভিড-১৯ মোকাবেলায়।

সৌদির সহায়তা: করোনাভাইরাসের বিস্তার রোধের বৈশ্বিক প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে ৫০০ মিলিয়ন ডলার দান করেছে সৌদি আরব। এ জন্য দেশটির বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে দিন কয়েক আগে ডব্লিউএইচওতে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন সংস্থার সবচেয়ে বড় একক তহবিলদাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে বিবিসি জানায়, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হবার পর তিনি নিজে সেলফ আইসোলেশনে গেছেন।