জরুরি অবস্থা জারি করে ত্রাণ বিতরণের দায়িত্ব সশস্ত্র বাহিনীকে দিন ------------ অলি আহমদ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০০:২২

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এখনই দেশে জরুরি অবস্থা জারি এবং ত্রাণ বিতরণের দায়িত্ব সশস্ত্র বাহিনীকে দেওয়ার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব) অলি আহমদ। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

অলি আহমদ বলেন, দেশের প্রায় অর্ধেক মানুষ বেকারত্বের অভিশাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করতে হবে। অদক্ষ লোকদের দিয়ে এ ধরনের সমস্যা মোকাবিলা সম্ভব নয়। ত্রাণ বিতরণের দায়িত্ব সশস্ত্র বাহিনীকে দিতে হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে সুস্থ রাখার ব্যাপারে সরকার সুস্পষ্টভাবে সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। ফলে করোনা ভাইরাসের বিস্তৃতি দিনদিন দ্বিগুণ হারে বাড়ছে। বিগত তিন মাসেও প্রতিটি জেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোশাক, অন্যান্য সরঞ্জাম ও রক্ত পরীক্ষার যন্ত্রপাতি নিশ্চিত করতে পারেনি সরকার। অন্যদিকে জনগণকে ঘরে রাখতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এলডিপি প্রেসিডেন্ট বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো জনগণকে সম্পূর্ণভাবে একনাগাড়ে ১৫ দিন ঘরে রাখা নিশ্চিত করা উচিত ছিল। এখন যে ধরনের লকডাউন হচ্ছে তাতে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে চিকিত্সার জন্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও পাওয়া যাবে না।

তিনি বলেন, দেশে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। টাকার চাকা ঘুরছে না। জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার বাস্তবতা উপলব্ধি করে এই মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি করবে বলে আশা করছেন অলি আহমদ।