চীন থেকে করোনা শনাক্তের কিটসহ চিকিত্সাসামগ্রী আনল বিমান বাহিনী

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০০:২৩

চীন থেকে করোনা শনাক্তকারী কিট ও পিপিইসহ প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রী নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। গতকাল রবিবার বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি ১৬ জন এয়ার ক্রুসহ চিকিত্সাসামগ্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্রবাহিনী বিভাগ কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাড়ে ৭ হাজার এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রোটেকটিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিত্সা সহায়ক সামগ্রী দেশে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে বাংলাদেশের করোনা ভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে দেওয়ার লক্ষ্যে চীন থেকে সংগৃহীত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি  পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার আনা হয়েছে। —আইএসপিআর