করোনা ভাইরাস তথা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তা। এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রশাসন ক্যাডারের এক উপসচিবের মৃত্যু হয়েছে। আক্রান্ত পাঁচ জনই মাঠ প্রশাসনে কর্মরত রয়েছেন। বাকি এক জন আছেন বিদেশে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
আক্রান্তরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সহকারী কমিশনার, গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের তিন জন সহকারী কমিশনার এবং সৌদি আরবের লেবার কাউন্সিলে কর্মরত প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সেখানে চিকিত্সাধীন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মারা যান প্রশাসনের উপসচিব জালাল সাইফুর রহমান। বিসিএসের ২২তম ব্যাচের কর্মকর্তা জালাল সাইফুর দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
