এনায়েতপুরে করোনা আক্রান্ত বৃদ্ধ, ৫ গ্রাম লকডাউন

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১১:২০

সিরাজগঞ্জের এনায়েতপুরে নারায়ণগঞ্জ থেকে আসা এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। এতে উপজেলা প্রশাসন ৫ গ্রাম লকডাউন ঘোষণা করেছে। ওই বৃদ্ধ জেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী। 

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হুদা জানান, গত ১৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে নিজ বাড়িতে স্ত্রী ও ২ সন্তানকে সাথে নিয়ে মাইক্রোবাস যোগে আসেন ওই বৃদ্ধ। রজব আলী। আগে থেকেই তিনি এ্যাজমার রোগী হওয়ায় এলাকার মানুষ টের পেয়ে তাকে আর নামতে দেয়নি। পরে তিনি এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামের ভায়রা বাড়িতে অবস্থান নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বিষয়টি জানাজানি হলে জেলা স্বাস্থ্য বিভাগ গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠায়। রবিবার রাতে পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ পায় বলে সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগ ঘোষণা দেন। 

এ ব্যাপারে সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় জেলায় ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের প্রতিবেদন এসেছে। যার সব গুলোই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য ৪০ জনের প্রতিবেদন বাকি ছিল তার মধ্যে রবিবার সন্ধ্যায় ১৪ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এদের মধ্যে ওই ব্যক্তির করোনা পজেটিভ এসেছে।  

এদিকে রবিবার রাতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রহমতুল্লাহ এর নেতৃত্বে পুলিশ গোপরেখী গ্রামে গিয়ে মাইকে প্রচার করে দৌলতপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করে। এই ২ ওয়ার্ডের আওতা ভুক্ত গ্রাম গুলো হলো গোপরেখী, ভাঙ্গাবাড়ি, মাধবপুর, গোপালপুর ও চড়কাদহ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই গ্রামের সকলে ঘরের বাইরে বের হতে পারবে না বলে ঘোষণা দেয়া হয়। 

ইত্তেফাক/এমআরএম