ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়কে কর্মহীন মানুষ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:০২

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের মানুষেরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। রবিবার বিকেলে টাঙ্গন নদী সংলগ্ন বালিয়াডাঙ্গী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে কয়েকশত পরিবার।

পরিবারগুলো দাবি করেন সরকারি ও পৌরসভা থেকে তারা কোনো প্রকার সহায়তা পায়নি। কাউন্সিলর তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তার কোনো প্রকার যোগাযোগ করেননি। এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেয়। 

সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশের জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলি আটকে পড়ে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুদ্দিন ঘটনাস্থলে গিয়ে ত্রাণের বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় তিনি জানান, ইতিমধ্যে আমরা পৌরসভার ও উপজেলার বেশির ভাগ মানুষের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সকলের জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হবে এমন আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইত্তেফাক/এমআর