এই সময়ের ছড়া
দীপ মুখোপাধ্যায়
থমথমে এলাকাময়। করোনো অধ্যুষিত,
মুখগুলো আতঙ্কে সন্তস্ত্র ভীত
সমাজে বিচ্ছিন্ন থাকি ঘরবন্দি আজ
রাহুর দশাতে নাকি তাবত্ সমাজ।
হাসাহাসি ভুলে গেছি মুখোশ-কৌতুকে
করার কিছুই নেই এমন অসুখে
স্যানিটাইজার মেখে হাজা পড়ে হাতে
ফোকটে রেশন তুলে হয়েছি হাভাতে।
বোকোবাক্সতে শুধু মৃত্যুর স্কোর
সারা দেশ গোনে সেই ভয়াল কামড়
সরকার জানিয়েছে অনেক আদেশ
তবুও বজায় রাখি পচা অভ্যেস
মূলমন্ত্র একটাই করোনাকে মারো
ভুলে যাও রাজনীতি দলাদলি ছাড়ো
এটা জৈবযুদ্ধ বলে অস্ত্রও অকেজো
বন্দুকে হয় না সোজা কুকুরের লেজও
বিজ্ঞান আজ অব্দি পারেনি দেখাতে
দূরত্ব পারে শুধু করোনা ঠেকাতে
সক্কলে এক হও থেকো না অমতে
করোনোর করুণা নেই মরণের পথে।
