স্পোর্টস ডেস্ক
ডেভিড বেকহ্যামের পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ ওয়েইন রুনিও লিওনেল মেসি আর রোনালদোর মধ্যকার দ্বৈরথে ব্যক্তিগত পছন্দের তালিকায় এগিয়ে রাখলেন বার্সা অধিনায়ককে।
ডার্বি কাউন্টি অধিনায়ক সানডে টাইমসে নিজের কলামে জানান, রোনালদো নির্মম কিন্তু মেসি প্রতিপক্ষকে ঘায়েল করার আগে প্রচুর অত্যাচার করে; আর সেটাই আর্জেন্টাইন ফুটবলারটিকে তার চোখে এগিয়ে রাখে।
রুনির ভাষায়, ‘মেসি আর রোনালদো তর্কসাপেক্ষে ইতিহাসেরই সেরা খেলোয়াড়। তবে ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার বন্ধুত্ব থাকলেও আমি মেসিকেই ভোট দেব। একই কারণে আমি জাভি আর পল স্কলসের খেলা দেখতে পছন্দ করতাম। রুনির মতে, সবকিছুকে সহজ করে দেখানোর ক্ষমতা আছে বার্সা অধিনায়কের। আর এ কারণেই ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর গুণমুগ্ধ সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড, ‘মেসির খেলায় ভিন্ন কিছু আছে। আমার মনে পড়ে না মেসি সর্বশেষ কবে সর্বশক্তি দিয়ে বলে আঘাত করেছে। সে বলটাকে গড়িয়ে জালে পাঠায়, যাতে করে ব্যাপারটাকে খুব সহজ বলে মনে হয়।’
তাই বলে সাবেক সতীর্থের খুনে মানসিকতার কথাও ভুলে গেলেন না রুনি। বললেন, ‘রোনালদো বক্সে নির্মম, এক জন খুনি। কিন্তু মেসি বহু অত্যাচার করে তবেই আপনাকে মারবে। মেসির খেলা দেখলে আপনার মনে হবে, সে অনেক বেশি আনন্দ নিয়ে খেলছে।’ তবে রুনির বিশ্বাস, দুই জনের মানের কেউ আর কখনো ফুটবলে আসবে না। তিনি বলেন, ‘দুই জনে গোল সংখ্যার দিক থেকে খেলাটাকে আমূলে বদলে দিয়েছে। আমি মনে করি না তাদের সমমানের কেউ আর কখনো আসবে।’
