হকিতে প্রশিক্ষণ এবং অর্থ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪৪

দুটোই গচ্চা গেছে

 স্পোর্টস রিপোর্টার

এশিয়ান হকি ফেডারেশনের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২১ যুব হকির বাছাই ঢাকায় হওয়ার কথা ছিল, আগামী জুনে। এটি ২০২২ সালে যুব বিশ্বকাপ হকিরও বাছাই। করোনা ভাইরাসের কারণে এশিয়ান হকি ফেডারেশন সেই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়। কবে হবে তারও ঠিক নেই। টুর্নামেন্ট হচ্ছে না কারোনার কারণে। অনুশীলনও বন্ধ হয়েছে তারও আগে। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ছয় মাসের প্রস্তুতির পুরোটাই জলে গেছে। প্রশিক্ষণের জন্য প্রতি মাসে বড়ো অঙ্কের টাকা খরচ করতে হতো। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বললেন, ‘প্রশিক্ষণে প্রতি মাসে ১১ থেকে ১২ লাখ টাকা খরচা হয়েছে। সেটি  তো জলে গেছেই। সঙ্গে খেলোয়াড়দের প্রস্তুতিও জলে গেছে। ছয়টা মাস ছেলেরা প্রশিক্ষণ নিয়েছিল। কোচরাও হাড়ভাঙা খাটুনি খেটে ছিলেন। সবই ভেস্তে গেছে।’

শুধু তাই না অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট আয়োজন করার জন্য হকি ফেডারেশন আল আরাফা ইসলামী ব্যাংকের সঙ্গে ২ কোটি টাকার একটি চুক্তিও হয়েছিল সোনারগাঁও হোটেলে। যেখানে এএইচএফর নীতি-নির্ধারকরাও উপস্থিত ছিলেন। অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের জন্য এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) চুক্তির ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে ৫০ হাজার ডলারও পাঠায় ফেডারেশন। এটা স্বাগতিক দেশ হিসেবে শর্ত অনুসারে দিতে হয়েছিল। এই টাকা নিয়ে ভাবছে না ফেডারেশন। তাদের ভাবনা অন্য জায়গায়। অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট আবার ঢাকাতেই হবে। তখন বাংলাদেশের খেলোয়াড়দের নতুন করে প্রস্তুতি নিতে হবে। নতুন করে অর্থ খরচা করতে হবে। ফিটনেস আনতে হলে নতুন প্রস্তুতি ঢেলে সাজাতে হবে। ু

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন এশিয়ান হকি ফেডারেশন অংশগ্রহণকারী ১০ দেশের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা টুর্নামেন্ট আয়োজন করতে রাজি আছি। বাইরের দেশের মধ্যে চীন, জাপান, কোরিয়াও রয়েছে। যেসব দেশ আসবে তাদের মতামত নেবে এশিয়ান হকি ফেডারেশন। তারপর টুর্নামেন্ট আয়োজনের তারিখ পুনঃনির্ধারণ হবে।’ বাংলাদেশ মনে করছে এ বছর আর অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট হওয়ার সুযোগ কম।

আরো একটা দুশ্চিন্তা আছে হকি ফেডারেশনে। নভেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল ঢাকায়। ভারত পাকিস্তানও সেই টুর্নামেন্ট খেলার কথা রয়েছে। সেটিও নির্ধারিত সময়ে হবে কি না নিশ্চয়তা নেই। মোহাম্মদ ইউসুফ বললেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এশিয়ান হকি ফেডারেশন এখনো কোনো কথা বলেনি। তবে মনে হচ্ছে এটাও পিছিয়ে যাবে।’