ইমরুলের বাবার মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪৪

স্পোর্টস রিপোর্টার

প্রায় এক মাস ধরে হাসপাতালে লড়াই করার পর মারা গেছেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬০ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

গত ২৩ মার্চ গ্রামের বাড়ি থেকে মেহেরপুর যাওয়ার পথে নছিমনের ধাক্কায় আহত হন তিনি। এরপর স্থানীয়ভাবে তার চিকিত্সায় উন্নতি না হলে ঢাকায় নিয়ে আসা হয়। দুর্ঘটনায় তার হাত, মাথা ও পায়ে আঘাত লাগে।

ইমরুলের বাবার এই বিদায়ে তার সতীর্থ সাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভাই এবং সতীর্থ ইমরুল কায়েসের শ্রদ্ধেয় পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আপনজন ইমরুলের বাবা ইন্তেকাল করেছেন। সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’ এদিকে পিতার দাফন শেষে ইমরুল কায়েস ও তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে লোকজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকছেন। যেহেতু তারা ঢাকা থেকে গেছেন, তাই এই ব্যবস্থা নিয়েছেন তারা।