বিবিসি
করোনা ভাইরাস সংকটের কারণে প্রায় এক মাসের কড়াকড়ির পর সংক্রমণের হার কমায় কিছু বিধিনিষেধ শিথিল করেছে জার্মানি। খুলে দেওয়া হয়েছে ছোটো দোকানগুলো।
সোমবার থেকে জার্মানি জুড়ে ৮০০ বর্গমিটারের চেয়ে কম আয়তনের দোকানপাট খোলা হয়েছে। সেই সঙ্গে খোলা হয়েছে বইয়ের দোকান, গাড়ি, সাইকেলের দোকানও। এ দোকানগুলোর ক্ষেত্রে আয়তনের কোনো শর্ত নেই। তবে এসব দোকানে প্রবেশ করতে কড়া নিয়ম মানতে হবে। অন্যদিকে, রেস্তোরাঁ, বার, জিম এগুলো সব বন্ধই থাকছে এবং সরকার নাগরিকদের মুখে মাস্ক পরে চলাফেরার ওপর জোর দিচ্ছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার এ উদ্যোগে সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের মধ্যে ব্যবধান বজায় রেখেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ১৬টি রাজ্য গভর্নরের সঙ্গে আলোচনা করে ২০ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করেছেন। তবে এ নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি মার্কেল। তার কথায়, ‘এ সাফল্য খুবই নাজুক।’ সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জার্মান সরকার মনে করছে।
