করোনা টেস্টের সময় কমাতে ড্রোন ব্যবহার

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৪৭

আল জাজিরা

বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এ কারণে সময় বাঁচাতে দ্রুত করোনা টেস্টের জন্য ড্রোন ব্যবহার করছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির প্রত্যন্ত অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ল্যাবরেটরিতে পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মেডিক্যাল পণ্য সরবরাহ প্রতিষ্ঠান জিপলাইন।

জিপলাইন জানিয়েছে, তারা গত ১ এপ্রিল থেকে ড্রোনে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। বর্তমানে ১ হাজারেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো রাজধানী আক্রা ও দ্বিতীয় বৃহত্তম শহর কুমাসিতে পৌঁছে দিচ্ছে তাদের ড্রোন-বাহিনী। শুধু করোনার টেস্টের নমুনাই নয়, প্রয়োজনমতো রক্ত, ওষুধসহ অন্যান্য চিকিত্সা উপকরণও পরিবহন করছে প্রতিষ্ঠানটি। ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে তাদের এ কার্যক্রম। ঘানায় প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সড়ক পথে নমুনা সংগ্রহ করে শহরের ল্যাবে পৌঁছাতেই সাধারণত কয়েক ঘণ্টা লেগে যায়। সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে আকাশপথে অল্প সময়ের মধ্যেই সেগুলো ল্যাবে পৌঁছানো যায়। এতে রোগীর ঝুঁকিও অনেকটাই কমে যাচ্ছে।