এনডিটিভি
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরে আগে থেকে কোনো লক্ষণ দেখা যায়নি। দেশটির শীর্ষ চিকিত্সা গবেষণা সংস্থা আইসিএমআরের (ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) বিজ্ঞানী ড. রামন আর গঙ্গাখেদকার এ কথা জানিয়েছেন। বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।
রামন আর গঙ্গাখেদকার বলেন, ‘আগে থেকে কোনো লক্ষণ পরিলক্ষিত না হওয়ায় বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।’ তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড়ো উদ্বেগ এই শনাক্তকরণ নিয়েই। তাই এর কারণ খুঁজে বের করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। কোভিড-১৯ রোগীদের লক্ষণ না দেখা যাওয়ায় টেস্টিং পদ্বতির কোনো পরিবর্তন করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজ্ঞানী রামন বলেন, তেমন কোনো সুযোগ নেই। যেসব এলাকা হটস্পট, সেসব এলাকার লোকজনের ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতার লক্ষণ দেখে পরীক্ষা করাতে হবে।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত সেখানে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, এক দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬ জন। সব মিলিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছে ৫৫৯ জন। সরকারের তরফ থেকে বলা হয়েছে, মে মাসের শুরুতে করোনার সংক্রমণ আরো বাড়তে পারে। তবে বিজ্ঞানী রামন বলেন, সেরকম সম্ভাবনা থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি বদলাতে পারে।
