ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিক্যাল কলেজে অবশেষে চালু করা হলো করোনা ভাইরাস টেস্টের ল্যাবরেটরি। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম চালু করা হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজের চতুর্থ তলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে ল্যাবরেটরিতে কর্মরতদের জন্য মাস্ক সংকট রয়েছে এবং জীবাণুমুক্ত করার অটোক্লেব মেশিনের সক্ষমতা কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আনুষ্ঠানিকভাবে ল্যাব চালুর সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকগণ উপস্থিত ছিলেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা এখানে শুরুতে পরীক্ষা করা হবে। প্রথম দিনে ৫৭টি নমুনা পরীক্ষা করা হবে। প্রতিদিন এখানে ৯৪টি নমুনা টেস্ট করা যাবে। প্রথম পর্যায়ে ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশেপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। ইতিমধ্যে ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য ১ হাজার কীট পাঠানো হয়েছে।
