রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের প্রভাবে বৃদ্ধি পেয়েছে সকল ধরনের পণ্যের দাম। এতে করে চরম বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ থেকে উচ্চ আয়ের মানুষ।
উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা, জিরাসাইলসহ অন্য চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৮-১০ টাকা, পেঁয়াজ কেজিপ্রতি দাম বেড়েছে ২৫-৩০ টাকা, আলুর কেজিপ্রতি দাম বড়েছে ১০ টাকা। এছাড়াও মসলা জাতীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে।
রাণীনগর বাজারের চাল ব্যবসায়ী মোকলেছুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসা হচ্ছে না বললেই চলে। যানবাহন বন্ধ থাকায় বাজারে চালের সরবরাহ কম। অধিক লাভের আশায় বড়ো বড়ো মিলাররা গুদামে চাল রেখে বাজারে চাল ছাড়ছেন না। তাই বেড়েই চলেছে খুচরা বাজারে চালের দাম।
ক্রেতা রইচ উদ্দিন, মোহসিনসহ আরো অনেকে বলেন, করোনা ভাইরাসের নামে যদি বাজারের এই অবস্থা হয় আসন্ন রমজানকে ঘিরে তাহলে বাজারের আর কি অবস্থা হতে পারে। তাহলে আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজনরা কোথায় যাব। তাই বাজারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হলে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, আমি নিজেও মাঝে মধ্যে বিভিন্ন বাজার মনিটরিংয়ে যাচ্ছি। এছাড়াও বাজার মনিটরিং দলকে সঙ্গে নিয়েও বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে চেষ্টা করছি।
