সুন্দরবনে আবার মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা!

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৩

তিন জেলে উদ্ধার

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনে বনদস্যুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগে জানা গেছে। গত এক সপ্তাহে পৃথক ঘটনায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের গুলিবিনিময়ের ঘটনার পাশাপাশি কয়েক জন জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিন জেলে রবিবার রাতে বাড়ি ফিরে এসেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মো. জয়নাল আবেদীন জানান, শনিবার সকালে শ্যালারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের নীলবাড়ীয়া এলাকার খালে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা বনদস্যুরা লাফিয়ে বনে উঠে পাইপগান দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় বনরক্ষীরা পালটা গুলি করলে দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে দস্যুদের ফেলে যাওয়া ট্রলার থেকে তিন জেলে জিম্মিকে উদ্ধার করে বনরক্ষীরা।

উদ্ধার করা জেলেরা হচ্ছে—আ.  জব্বার (৩৫), আ. কুদ্দুস (৪০) ও গিয়াস (২৮)। এদের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। এর আগে ১৪ এপ্রিল বিকালে কটকা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বনের টিয়ারচর এলাকায় বনদস্যুদের কবল থেকে কয়েক জন জেলে ও মৌয়ালিকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়েছেন বলে এসিএফ জানান।

উদ্ধারকৃত জেলেদের ব্যাপারে পাথরঘাটা উপজেলার মত্স্য ব্যবসায়ী বাগেরহাট ফিসের মালিক ওয়ারেস আলী জানান, তিন দিন আগে বনদস্যুরা শ্যালারচর এলাকা থেকে তার জেলেদের অপহরণ করে জিম্মি করে রাখে এবং অপর এক জেলে ফজলুল হকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে তাকে ছেড়ে দিয়েছে দস্যুরা। উদ্ধার হওয়া জেলেরা রবিবার দিবাগত মধ্য রাতে বাড়ি ফিরে এসেছে বলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা রায়েন্দা ইউপি সদস্য জাকির হোসেন খান জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।