করোনা ভাইরাস
ইত্তেফাক রিপোর্ট
দেশের করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর এক দিনের বেতন দেওয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে সবাইকে জানানো হয়েছে।
রবিবার বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
