ত্রাণ নিয়ে বিক্ষোভ বিষয়ে বাসসের ভুল সংবাদ প্রত্যাহার

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশে বিএনপির ইন্ধন শিরোনামে গত ১৭ এপ্রিল ভুল সংবাদ পরিবেশিত হয়। কিছুক্ষণ পরই সংবাদটি প্রত্যাহার করা হয়। তথ্যমন্ত্রী এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়। তথ্যগত ভুল থাকায় বাসস সংবাদটি সেদিনই প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে সংশোধিত সংবাদ প্রকাশ করেছে এবং তথ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি গণমাধ্যমে উক্ত ভুল সংবাদের সূত্র ধরে সংবাদ প্রকাশিত হওয়ায় এর পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতিও এসেছে।

সংবাদটিতে উল্লিখিত ‘ভাড়াকরা লোক দিয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করায় বিএনপির ইন্ধন’ এবং ত্রাণে অনিয়মে বিএনপি বা জাসদ বা অন্য কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তথ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি। তার বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব নেই বিধায় এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।