এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে
নিম্নমানের মাস্ক
ইত্তেফাক রিপোর্ট
ঢাকার মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার গঠিত ঐ কমিটিতে রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক হাসপাতাল-১ শাখার ডা. মো. আমিনুর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (ক্রয় ও সংগ্রহ) হাসান মাহমুদ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটি বর্ণিত অভিযোগের আলোকে মাস্কের চাহিদা, স্পেসিফিকেশন, সংগৃহীত পরিমাণ, সরবরাহকৃত নিম্নমানের মাস্কের পরিমাণ, সিএমএসডিতে নিম্নমানের মজুত মাস্ক (যদি থাকে) ইত্যাদি বিষয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটনপূর্বক সুস্পষ্ট মাতামত দেবেন। কোনো অনিয়ম হয়ে থাকলে দায়দায়িত্ব নির্ধারণ করবেন।
কমিটি গঠন সংক্রান্ত আদেশে বলা হয়েছে, নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা প্রদান করে। আলোচ্য অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বিষয়টির যথাযথ অবস্থা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।
প্রসঙ্গত, এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহ নিয়ে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
