করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:৪১

ডেস্ক রিপোর্ট 

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরাজদিখানে মুক্তিযোদ্ধাদের মধ্যে

খাদ্যসামগ্রী বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, জেলার সিরাজদিখান উপজেলার সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার ইছাপুরায় প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মতিন হাওলাদারের উদ্যোগে  ত্রাণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব দেওয়ানসহ অন্য মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যবৃন্দ।

টঙ্গীতে ক্রীড়া প্রতিমন্ত্রীর

ত্রাণ বিতরণ

টঙ্গী (গাজীপুর)  সংবাদদাতা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। টঙ্গীর ১৫ টি ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের ঘরে ঘরে এই ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমি গত ১৫ দিন ধরে আমার এলাকার অসহায় মানুষের মাঝে এই ত্রাণ-সাহায্য পৌঁছে দিচ্ছি। আমার এলাকার একটি পরিবারও  না  খেয়ে  থাকবে  না।  আমি  নিজে অধিকাংশ বাড়িতে এবং মহল্লায় গিয়ে খোঁজ-খবর নিচ্ছি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, যুবলীগ নেতা সোহেল রানাসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।

নবাবগঞ্জ ও দোহারে স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার দুপুরে নবাবগঞ্জের বকসনগর ইউনিয়নে ১০০ ব্যাগ ও বিকালে দোহারের নারিশা ইউনিয়নের চারটি স্থানে ৩০০ ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব স্থানে আরো উপস্থিত ছিলেন বকসনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগে সাবেক সদস্য রাহুল দাস, জাফর ইকবাল লাভলু, ঢাকা জেলা (দক্ষিণ) সহসভাপতি তানভীর আহমেদ বাবু, আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, দোহার উপজেলা সভাপতি বাসার চোকদার, নবাবগঞ্জ উপজেলা সহসভাপতি শেখ সুজন বাবু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার মণ্ডল প্রমুখ।